লাক্স সুপারস্টার ২০২৫ রাজশাহীর বর্ণিতা
প্রায় এক বছরব্যাপী নানা ধাপের প্রতিযোগিতা শেষে শুক্রবার (৩ এপ্রিল) রাতে অনুষ্ঠিত হয়েছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এতে ২০২৫ সালের লাক্স সুপারস্টার হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।-বিনোদন তোলপাড়।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বর্ণিতার হাতে ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খান এবং অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
মঞ্চে নিজের নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন বর্ণিতা। আনন্দাশ্রু সামলাতে না পেরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, পুরস্কার ঘোষণার সময় তাঁর পা কাঁপছিল এবং দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে পড়েছিল। যাত্রার শুরুতে এতদূর আসতে পারবেন বলে ভাবেননি বলেও জানান তিনি।
বিজয়ী হিসেবে বর্ণিতা ট্রফি ও একটি বিলাসবহুল গাড়ির পাশাপাশি একটি সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন, যা পরিচালনা করবেন রায়হান রাফী। প্রথম রানারআপ নাযাহ নাওয়ার বিনতে নুরুল পেয়েছেন পাঁচ লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ আমিনা ইসলাম পেয়েছেন তিন লাখ টাকা।
অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর জানান, এবারের বিজয়ীদের নিয়ে নির্মাতা শিহাব শাহীন একটি ওয়েব ফিল্ম নির্মাণ করবেন।
বিজয়ী তিনজন ছাড়াও চূড়ান্ত পর্বে অংশ নেওয়া অন্য প্রতিযোগীরা হলেন আফরীন ইয়ুমনা ও তিস্তা পাল। এবারের আসরের মেন্টর হিসেবে ছিলেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও রায়হান রাফী।
উল্লেখ্য, ২০০৫ সালে প্রথমবারের মতো লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম আসরে সেরা সুন্দরীর খেতাব অর্জন করেন শানারেই দেবী শানু। পরবর্তীতে এই প্রতিযোগিতা থেকে উঠে আসেন জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী ও মৌসুমী হামিদের মতো তারকারা। সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন মিম মানতাসা।









Chief Editor-Dipali Rani Roy