শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

৯০ হাজার দর্শকের সামনে ভারতের রেকর্ড যাত্রা থামাল দক্ষিণ আফ্রিকা

প্রকাশের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দুর্দান্ত শুরু করল দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার ২২ ফেব্রুয়ারি ৯০ হাজার ৯৫৪ দর্শকের সামনে ভারতকে ৭৬ রানে হারিয়েছে প্রোটিয়ারা। ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান করার পর ভারতকে গুটিয়ে দিয়েছে ১১১ রানে। রানের হিসাবে এটি বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় হার।- স্পোর্টস তোলপাড়।

গত আসরের দুই ফাইনালিস্টের লড়াইয়ে শুরুটা ভালো ছিল না দক্ষিণ আফ্রিকার। ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। জাসপ্রিত বুমরাহর আঘাতে ফেরেন কুইন্টন ডি কক, আর্শদীপ সিং ফেরান এইডেন মারক্রামকে, আর রায়ান রিকেলটনও বেশিক্ষণ টিকতে পারেননি।

সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। চতুর্থ উইকেটে ৫১ বলে ৯৭ রানের জুটি গড়ে ভারতীয় বোলারদের ওপর চড়াও হন দুজন। ৩৫ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেন মিলার। ২৯ বলে ৪৫ রান করেন ব্রেভিস। শেষদিকে ট্রিস্টান স্টাবস ২৪ বলে অপরাজিত ৪৪ রান করে দলকে বড় পুঁজি এনে দেন।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম ওভারেই ইশান কিষানকে ফেরান মারক্রাম। পরের ওভারে মার্কো ইয়ানসেনের শিকার তিলক ভার্মা। পাওয়ার প্লের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

অধিনায়ক সূর্যকুমার যাদব ২২ বলে ১৮ রান করে ফেরেন। শিবম দুবের ৩৭ বলে ৪২ রান ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। দশম ওভারে ৫১ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১১১ রানে অলআউট হয় তারা।

দক্ষিণ আফ্রিকার হয়ে ২২ রানে ৪ উইকেট নেন মার্কো ইয়ানসেন। কেশব মহারাজ ২৪ রানে ৩টি এবং করবিন বশ ১২ রানে ২টি উইকেট নেন। ভারতের হয়ে বুমরাহ ১৫ রানে ৩ উইকেট পেলেও তা যথেষ্ট হয়নি।

এই জয়ে সুপার এইটে আত্মবিশ্বাসী সূচনা পেল দক্ষিণ আফ্রিকা। আর টানা ১২ বিশ্বকাপ জয়ের পর বড় ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেল ভারত।

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ডেভিড মিলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর